সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : কলাপাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কলাপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
রাত ১২টা ৩ মিনিটে আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদল-এর নেতাকর্মীরা অংশ নেন। পুষ্প অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতিসত্তার ভিত্তি। তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব।”
পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষা ও শহীদদের ত্যাগকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। একুশের চেতনা আমাদের ঐক্য ও সংহতির শিক্ষা দেয়।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির খন্দকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নান্নু মুন্সি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে সাংবাদিক মহল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, বিএনপির সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে ভাষা শহীদদের প্রতি পুষ্প অর্পণ করেন।
এর আগে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



















