মোহাম্মদ আল মামুন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : আসন্ন কলাপাড়া পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে স্থানীয় রাজনৈতিক উত্তাপ। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রচার-প্রচারণায় নতুন গতি পেয়েছে সম্ভাব্য প্রার্থীদের কার্যক্রম।
পোস্টার-ব্যানার, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের প্রার্থিতার বার্তা পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন তারা। একই সঙ্গে কাউন্সিলর পদে পুরুষ ও নারী প্রার্থীরাও সক্রিয় হয়ে উঠেছেন। ফলে কলাপাড়া পৌর শহরের চায়ের দোকান থেকে শুরু করে অলিগলি—সব জায়গাতেই এখন নির্বাচনী আলোচনা তুঙ্গে। কে হচ্ছেন আগামী দিনের ‘পৌরপিতা’—তা নিয়েই চলছে নানা হিসাব-নিকাশ ও রাজনৈতিক বিশ্লেষণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রায় পাঁচ থেকে ছয়জন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যেই তরুণ প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী মো. আবুল হাসনাত রিমন সিকদার।
সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড, ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততা এবং নানা সামাজিক অনুষ্ঠানে সক্রিয় উপস্থিতির মাধ্যমে ইতোমধ্যে তিনি পৌরবাসীর কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। পাশাপাশি উন্নয়নমুখী ব্যবসায়ী হিসেবেও তার পরিচিতি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ইতোমধ্যে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সর্বমহলে গ্রহণযোগ্যতার কারণে অনেকেই তাকে সম্ভাব্য শক্ত প্রতিদ্বন্দ্বী তথা ‘হেভিওয়েট’ প্রার্থীদের একজন হিসেবে দেখছেন।
এ বিষয়ে হাজী মো. আবুল হাসনাত রিমন সিকদার বলেন, “পৌরবাসীর সমর্থন পেলে কলাপাড়া পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভায় রূপ দিতে কাজ করব। উন্নয়ন ও সেবামুখী পৌর প্রশাসন গড়ে তোলাই হবে আমার লক্ষ্য।”
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই কলাপাড়া পৌরসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।



















