মফিজুর রহমান মুবিন, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী আখ সেন্টারে শনিবার (১৮ জানুয়ারি) বট ও পাকুড় গাছের ব্যতিক্রমী বিয়ের আয়োজন করেন স্থানীয়রা। বর ছিল বটগাছ আর কনে পাকুড় গাছ।
সকালে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল অনুষ্ঠান সম্পন্ন হয় সন্ধ্যায়। পুরোহিত শ্যামল কুমার দাসের মন্ত্রপাঠে গোধূলি লগ্নে এ বিয়ে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন শতশত মানুষ।
স্থানীয় সনাতন ধর্মীয়দের বিশ্বাস, পাশাপাশি বেড়ে ওঠা বট ও পাকুড় গাছের মঙ্গল ও ঐতিহ্য রক্ষায় তাদের বিয়ে দেওয়া হয়। বর-কনের চারপাশ সাজানো হয় গোবর ও আলতায়। বিয়ের আগে পুকুর থেকে জল আনা, গঙ্গাপূজা এবং অন্যান্য পূজা-পার্বণও পালন করা হয়।
বিয়ের আয়োজন করেন রবি বৈরাগী মেলা কমিটি। অনুষ্ঠানে তানভীর আহমেদ শিমুলের সঞ্চালনায় ও সেখ রোকনুজ্জামান ভুট্টোর সভাপতি প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।
বট-পাকুড় গাছের বিয়ে দেখতে এলাকাবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো। বিয়ের শেষে ঐতিহ্যবাহী রবি বৈরাগী মেলা অনুষ্ঠিত হয়।



















