সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে মাত্র দুই হাজার টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক কামরুল ইসলাম শাওন রক্তাক্ত জখম হন। আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে কয়েকজন আহত হন। আহতদের মহিপুরের একটি বেসরকারি কেয়ার মডেল হাসপাতালে ভর্তি করা হলে হামলাকারীরা হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফায় মারধর চালায় এবং হাসপাতালের বিভিন্ন স্থাপনা ভাংচুর করে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপির শীর্ষ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারী ছাত্রদলের পক্ষ নিয়ে একটি গ্রুপ মহিপুর বিএনপি সভাপতি জলিল হাওলাদারকে লাঞ্ছিত করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালে হামলা ও ভাংচুরের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন বলেন এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কলাপাড়ায় যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, দুই গ্রুপের সংঘর্ষ ও হাসপাতালে হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















