পটুয়াখালী জেলা প্রতিনিধি : কলাপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মুরগি ও মাছ বাজারের সামনে বরাদ্দকৃত ঘর থাকা সত্ত্বেও কিছু ব্যবসায়ী সড়কের ওপর পণ্য বিক্রি করছেন। এতে বাজারের শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং ক্রেতা–বিক্রেতাদের চলাচলে গুরুতর বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা টুলু পেদা জানান, বেশি ক্রেতা আকর্ষণের আশায় কয়েকজন ব্যবসায়ী বাজারের প্রবেশমুখ ও রাস্তার পাশে বসছেন। এতে যানজট তৈরি হচ্ছে এবং খোলা স্থানে মুরগি ও মাছ বিক্রির কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা বলেন, রাস্তার ওপর দোকান বসানো থাকায় স্বাভাবিকভাবে চলাচল করা যায় না। সচেতন মহল দ্রুত নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, বাজারের শৃঙ্খলা বজায় রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।



















