মোস্তাফিজুর রহমান উজ্জল,সহ-সম্পাদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। নির্বাহী সদস্য পদ শূন্য থাকায় তাকে মনোনীত করা হয়েছে বলে জানা গেছে। ১৯ জানুয়ারি (রোববার) শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিং শেষে সমিতির সভাপতি মিশা সওদাগর মুক্তিকে শপথ পড়ান। খুশির এই খবরটি মুক্তি নিজেই এই প্রতিবেদককে জানিয়েছেন। মুক্তি’র শপথ গ্রহণের সময় কার্যনির্বাহী পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। তারা জানান, মুক্তিকে কমিটিতে পেয়ে আনন্দিত তারা।
শিল্পী সমিতির সদস্য হিসেবে যুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় মুক্তি বলেন, সমিতির বাইরে থেকেও বিগত দিনে শিল্পীদের জন্য আমি কাজ করেছি। এখন যেহেতু সমিতির সঙ্গে সরাসরি যুক্ত থেকে কাজ করার সুযোগ হলো, এটি আমার জন্য আরও ভালো হলো। শিল্পীদের কল্যাণে কাজ করাটা আমার জন্যে আরও সহজ হবে। এই কমিটির সদস্যরা দারুণ।
জানা গেছে, বেশকিছু দিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের একটি সদস্য পদ শূন্য ছিল। ওই পদে নির্বাচনে জয়ী হয়েছিলেন চিত্রনায়িকা শাহনূর। কিন্তু তিনি পর পর তিনটি মিটিংয়ের অধিক অনুপস্থিত থাকায় গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী পরিষদ তাকে কারণ দর্শানের নোটিশ দেন। তবে সেই চিঠির কোনো উত্তর দেননি শাহনূর। উত্তর না মেলায় গঠনতন্ত্র অনুযায়ী তার পদটি শূন্য হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহনূরের স্থলাভিষিক্ত হয়েছেন মুক্তি।
মুক্তি বলেন, আগে থেকেই আমি সমিতির জন্য নিবেদিত ছিলাম। সমিতি সবসময় তাদের পাশে আমাকে পেয়েছেন। আমিও চেষ্টা করেছি শিল্পীদের জন্য কিছু করতে। তবে কমিটিতে থাকলে কাজ করতে সুবিধা হয়। সেই ভাবনা থেকে কমিটিতে যুক্ত হয়েছি। এরই মধ্যে শিল্পীদের কথা ভেবে বেশকিছু পরিকল্পনা করেছি। শিগগিরই সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করবো।
খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ ছবির চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল মুক্তি’র। ‘চাঁদের আলো’তে ছিল চিত্রনায়িকার চরিত্র। জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে মন জয় করে নেন দর্শকদের। এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ ছবিতেও অভিনয় করেন মুক্তি। তবে পারিবারিক কারণে চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি তিনি। অভিনয়ে না থাকলেও চলচ্চিত্রের বিভিন্ন আয়োজনে তাকে পাওয়া যায়। বিপন্ন মানুষের পাশে বরাবরই সরব থাকেন মুক্তি।



















