জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোট প্রদান করছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোট গ্রহণ।
এরপর প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শুরু হয় নির্বাচনী ফলাফলে জয়ী হয়েছেন যারা আক্তারুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬০ হাজার ৮০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাওয়ানুল হক বিপ্লব ঘোড়া প্রতীক নিয়ে ৪৮ হাজার ৩১৫ ভোট ও সুকুমার রায় আনারস প্রতীকে ৯ হাজার ৪১৬ ভোট পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইত্তাশাম উল হক তালা প্রতীক নিয়ে ৮১ হাজার ৭১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ আকলিমুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে ১৭ হাজার ৭২৭ ভোট ও আমিন হোসেন চশমা প্রতীক ১৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা বেগম আক্তার কলস প্রতীক নিয়ে ৪৮ হাজার ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় রাণী রায় হাঁস প্রতীক নিয়ে ৩৯ হাজার ৫৯৭ ভোট, ফুটবল প্রতীকে কোহিনুর রহমান ১৯ হাজার ১৯৮ ও বৈদ্যুতিক পাখা সাবিনা খাতুন ৭ হাজার ৯২৯ ভোট পেয়েছেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়ন করা হয়েছিল পুলিশ ও আনসার সদস্য। এছাড়াও বিভিন্ন পয়েন্টে পুলিশ ও মোবাইল কোর্টের তৎপরতা দেখা গেছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে বিজিবি ও র্যাব।
নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, ৫০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল তানজীর আহম্মদ, আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান সহ অন্যান্যরা।
এদিকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছিল বলে জানিয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, এ উপজেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন মিলে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৬১ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৮ হাজার ৭৪ জন ও মহিলা ১ লাখ ১৭ হাজার ৮৭ জন। ভোট কেন্দ্র ৭৬টি।



















