সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, সমাজে অন্যায়, অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জন্য কোনো প্রকার ক্ষমার সুযোগ নেই। অন্যায়-অপরাধের বিরুদ্ধে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
বুধবার দুপুর বারোটায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোশাররফ হোসেন বলেন, সরকারি হিসেব অনুযায়ী দেশের ১০টি শান্তিপূর্ণ উপজেলার মধ্যে কলাপাড়া একটি। এ শান্তি-শৃঙ্খলার ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা শান্তি, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো উপজেলা পরিষদে আগমন করায় এবিএম মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা।



















