মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : আলেম সমাজের পারস্পরিক সৌহার্দ্য ও শরীর-মনকে প্রফুল্ল রাখার লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আলেমদের মিলনমেলা ও ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার উপজেলার নেপা ফুটবল মাঠে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন মহেশপুর শাখার ব্যতিক্রমী এ আয়োজন প্রাণবন্ত করে তোলে গোটা এলাকাকে।
ফজরের নামাজের পর থেকেই মাঠে জমতে শুরু করেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শতাধিক আলেম। চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, মাগুরা, সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলার আলেমরা মিলিত হন এই মিলনমেলায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের সদস্য
অধ্যাপক মতিয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন
কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই এবং মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফারুক আহমদ।
আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, মাওলানা জুলফিকার আলী, মাওলানা মনিরুল ইসলাম বিলালীসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন ড. হাবিবুর রহমান, মুফতি আমির হামজা, মাওলানা আজিজুল হক জিহাদি, মাওলানা আবুজার গিফারী ও আদর্শ প্রেসক্লাব মহেশপুর সভাপতি মাওলানা লুৎফর রহমান।
অনুষ্ঠানে ছিল হালকা-ফুলকা ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে আলেমদের সরব অংশগ্রহণ চোখে পড়ার মতো। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, আর সেই সঙ্গে দর্শকদের ব্যাপক আগ্রহ।
দিনব্যাপী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ইসলামী সংগীত পরিবেশনা। পরিবেশনায় অংশ নেন জনপ্রিয় শিল্পী রোকনুজ্জামান ও কবির বিন সামাদ। তাঁদের পরিবেশনায় মুগ্ধ হয়ে ওঠে উপস্থিত শ্রোতারা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আখতারুজ্জামান ও উপজেলা সভাপতি মাওলানা ইখলাছুর রহমান সুমন। সহযোগিতায় ছিল নেপা ইউনিয়ন যুব-জামায়াত ও ইসলামী ছাত্রশিবির।
আয়োজকরা জানান, আলেম সমাজের বন্ধন সুদৃঢ় করতেই এই আয়োজন। আগামী বছর আরও বৃহৎ পরিসরে এ অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।



















