কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে কালীগঞ্জে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌরসভার পুরাতন সোনালী ব্যাংক মোড় হতে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে মে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোবারক হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজিপুর জেলা শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের উপদেষ্টা জনাব মাষ্টার মোখলেছুর রহমান খান ,বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের উপদেষ্টা মাওলানা মাহমুদুল হাসান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের উপজেলা উপদেষ্টা অ্যাড. তাজুল ইসলাম ও হাজী আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামান, পৌর সভা উপদেষ্টা মাওলানা আমিমুল এহসান, মোঃ আনোয়ার হোসেন, ,মোঃ আনিছুর রহমানসহ উপজেলা ও পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় প্রধান অতিথি বলেন, ১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগোতে শ্রমিকরা তাদের অধিকারের জন্য আত্মত্যাগ করেছিলেন। সেই অনুপ্রেরণায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেড়ারেশন মালিক পক্ষের সাথে শ্রমিকদের সু-সম্পর্ক বজায় রাখা, শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা ও অধিকার আদায়ের লক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে এবং মালিকদের স্বার্থও সংরক্ষিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত রাখেন।



















