স্বাধীন গণমাধ্যম মানেই মুক্ত চিন্তা ও মতপ্রকাশের নিশ্চয়তা। কিন্তু দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত যে বার্তা বহন করছে, তা শুধু একটি পত্রিকার সংকট নয়—এটি সমগ্র গণমাধ্যমের জন্যই এক গভীর অশনিসংকেত।
গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হলো সংবাদপত্র। যদি প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে একটি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়, তবে সেটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের উপর আঘাত নয়—বরং জনগণের তথ্য পাওয়ার অধিকার হরণ করার শামিল। তথ্যের অবাধ প্রবাহ বাধাগ্রস্ত হলে জনগণ সত্য থেকে বঞ্চিত হয়, আর তাতে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে।
আমি একজন সংবাদকর্মী হিসেবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া মানেই গণতন্ত্রের শ্বাসরোধ করা। যে সংবাদমাধ্যম সাহসের সঙ্গে সত্য প্রকাশ করে, তাকে নিশ্চিহ্ন করার যে কোনো প্রয়াসই চতুর্থ স্তম্ভকে ভেঙে ফেলার শামিল।
আমি সরকারের প্রতি আহ্বান জানাই—এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। পাশাপাশি, স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সকল গণমাধ্যমকর্মী, বুদ্ধিজীবী ও সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
গণমাধ্যম বাঁচলে, দেশ বাঁচবে। সত্য প্রকাশের অধিকার রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে!
জেসমিন জাহান
নির্বাচিত সদস্য, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), কেন্দ্রীয় কমিটি



















