উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় নিখোঁজ দুই এএসআই সদরুল আলম ও মুকুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার শিলাইদহ ঘাট এলাকার মাঝ নদী থেকে এএসআই সদরুলের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বুধবার সকালে পাবনার সুজানগর এলাকা থেকে এএসআই মুকুলের মরদেহও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে স্থানীয় দুই ইউপি সদস্যসহ কুমারখালী থানার ছয় পুলিশ সদস্য একটি নৌকায় পদ্মা নদীতে যান। সেখানে কিছু জেলে অবৈধভাবে জাল ফেলে মাছ শিকার করছিলেন। পুলিশের নৌকাটি তাদের দিকে গেলে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন এবং নিখোঁজ হন। হামলায় আহত হন এসআই নজরুল ইসলাম এবং কয়া ইউনিয়ন পরিষদের সদস্য ছানোয়ার হোসেন ও আনোয়ার হোসেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, “দুই এএসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন, আর পুলিশ ও উদ্ধারকারী দল পরিস্থিতি সামাল দিতে নিরলস কাজ করে যাচ্ছে।



















