নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করল বুয়েটের ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ (Ex JCD BUET)।
১৭ ই অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকা প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য জনাব নাজিম উদ্দিন আলম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার। আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুস সোবহান এমপি, প্রফেসর ডঃ সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী মোঃ মাহবুব আলম, প্রকৌশলী মোঃ আহসানুল রাসেল, প্রকৌশলী মতিন প্রকৌশলী নেসার আহমেদ প্রকৌশলী আল মামুন গাজী প্রকৌশলী আলী মর্তুজা প্রকৌশলী নাসিম উদ্দিন রুবেল প্রকৌশলী এস এম ফয়সাল প্রকৌশলী জাহিদুর রহমান প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রকৌশলী শাহরিয়ার পারভেজ প্রকৌশলী আব্দুর রউফ তালুকদারসহ আরো অসংখ্য প্রকৌশলী।
শেখ হাসিনা সরকার পতনের এতদিন পরেও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ জানান তারা।
মানববন্ধন কর্মসূচি পালনকালে নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়, দেয় সাজা। দীর্ঘদিন তিনি বিদেশে রয়েছেন।
তারেক রহমান দেশে না আসলে দেশের গণতন্ত্র যেমন ফিরবে না, তেমনি মানুষের মুক্তি মিলবে না বলেও মন্তব্য করেন নেতারা।
নেতৃবৃন্দ আরও বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। তার মামলা প্রত্যাহার করে দেশে ফেরার সুযোগ দিতে তেমন কোনো আইনি বাধা নেই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি উপস্থাপন করেন এবং সরকারের প্রতি আহ্বান জানান যাতে অনতিবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাকে দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। তারা আরো আশা করেন শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে তাদের এই প্রতিবাদ সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং জনগণের ন্যায্য দাবির প্রতিফলন ঘটবে।
দেশে গণতন্ত্রের সুরক্ষা ও সাধারণ মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ছাড়া কোন বিকল্প নেই বলেও জানান কর্মসূচীতে অংশ নেওয়া নেতৃবৃন্দ ।



















