সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধ : পটুয়াখালীর কুয়াকাটায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগে মো. মাকছুদকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুয়াকাটার একটি দোকানঘরের মালিকানা দাবি করে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক মনির বাদী হয়ে মহিপুর থানা-এ একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলায় হামলা, ভাঙচুর, হুমকি ও চুরির অভিযোগ আনা হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. মাকছুদকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে সামাজিক মাধ্যমে প্রথমদিকে যে চাঁদাবাজির অভিযোগ ছড়িয়ে পড়ে, পুলিশ জানিয়েছে—ঘটনাটি দোকানঘরের মালিকানা দাবিসংক্রান্ত বিরোধ থেকে সৃষ্ট। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com