মোঃ আবুল কালাম আজাদ, চান্দিনা, কুমিল্লা: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, “দেশে গণতান্ত্রিক শক্তির বিকাশ ও একটি স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা গঠনের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচন এবং গনভোট একই দিনে সম্পন্ন করতে হবে।”
শনিবার (১ নভেম্বর) চান্দিনা এলডিপি দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
ড. রেদোয়ান আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়। ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় ৪৮টি রাজনৈতিক দল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব প্রদান করে।
ড. রেদোয়ান আহমেদ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার ধারাবাহিকতায় ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’ প্রণয়ন করা হয়, যা দেশের ইতিহাসে একটি যুগান্তকারী উদ্যোগ। এ সনদে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে সম্পন্ন করার প্রস্তাব রাখা হয়েছে।
তিনি বলেন, "আমরা মনে করি, একযোগে নির্বাচন আয়োজনই রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুনরুদ্ধারের একমাত্র পথ। কোনো পক্ষের এককভাবে ক্ষমতা প্রয়োগ গণতন্ত্রকে দুর্বল করে।"
এলডিপি মহাসচিব অভিযোগ করে বলেন, ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও তাদের অনেকেই নোট অব ডিসেন্ট দিয়েছে। তবে সরকার সেই ভিন্নমতগুলিকে গুরুত্ব না দিয়ে একতরফাভাবে সনদ বাস্তবায়নের পথে হাঁটছে।
তিনি বলেন, “যদি সরকারের প্রস্তাবিত আইন অনুযায়ী নোট অব ডিসেন্ট দেওয়া দলগুলোর মতামত উপেক্ষা করে নির্বাচন করা হয়, তাহলে তা হবে গণতন্ত্রের পরিপন্থী।”
ড. রেদোয়ান আহমেদ আরও বলেন, “আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের ভিত্তিতে সংবিধান সংশোধনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের দাবি জানাচ্ছি। ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাই।”
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, “একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্নের প্রস্তাব নিয়ে বিএনপি সহ সকল বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা বিশ্বাস করি, ঐক্যমতের মাধ্যমেই সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব।”
“গণতন্ত্রকে সুসংহত করতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তাই আমরা আশা করি সরকার এবং সব রাজনৈতিক দল এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com