মোঃ নূরে আলম, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে ধীরে ধীরে জমে উঠছে নির্বাচনী মাঠ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জে ব্যাপক গণসংযোগ করেছেন দলটির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মো. কামাল উদ্দিন। শনিবার, ৩ মে ২০২৫ তারিখে হাজীগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় এই কর্মসূচিতে ছিল সাধারণ মানুষের ব্যাপক সাড়া।
লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে দেশে ফিরে ব্যারিস্টার কামাল উদ্দিন শুধু আইন পেশায় নয়, বিএনপির রাজনীতিতেও ইতোমধ্যেই নিজেকে একজন দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সৎ ও নির্লোভ জীবনযাপন এবং দলীয় আদর্শের প্রতি নিষ্ঠা তাঁকে নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
গণসংযোগ চলাকালে তিনি পথচারী, দোকানদার ও বাজারের সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং বলেন,
“৩১ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি নতুন রাষ্ট্র গঠনের রূপরেখা। যে রাষ্ট্রে থাকবে সমতা, ন্যায়বিচার ও জবাবদিহিতা। নাগরিকরা হবে ক্ষমতার অংশীদার, নিছক দর্শক নয়।”
তাঁর মতে, দীর্ঘদিন ধরে দেশে যে ধরণের রাজনৈতিক অচলাবস্থা ও অনিয়ম চলছে, তা থেকে মুক্তির পথ দেখাতেই বিএনপি ৩১ দফা কর্মসূচি গ্রহণ করেছে। এই দফাগুলোর বাস্তবায়নই ভবিষ্যতের বাংলাদেশকে এক নতুন ভিত্তিতে দাঁড় করাবে।
গণসংযোগে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। স্লোগানে মুখর ছিল হাজীগঞ্জ বাজার “ভোটের মালিক জনগণ— ৩১ দফাই মুক্তির দিশা!” লিফলেট বিতরণের পাশাপাশি, এলাকাবাসীর সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করে ৩১ দফার মূল বিষয়গুলো ব্যাখ্যা করেন নেতাকর্মীরা। সাধারণ মানুষও আগ্রহভরে ব্যারিস্টার কামাল উদ্দিনের বক্তব্য শোনেন ও নানা প্রশ্ন করেন। অনেকে তাঁকে ভবিষ্যতের নেতা হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে বিএনপি যে রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে চাচ্ছে, ব্যারিস্টার কামাল উদ্দিন তা নিখুঁতভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন। তাঁর গ্রহণযোগ্যতা এবং যুক্তিনির্ভর উপস্থাপন চাঁদপুর-৫ আসনে তাঁকে একটি সম্ভাবনাময় মুখ হিসেবে প্রতিষ্ঠা করছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com