মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ : মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে বৃহস্পতিবার রাজধানীর শাজাহানপুর রেলওয়ে কলোনিতে রেলওয়ে শ্রমিক কর্মচারী'র প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে নয়া পল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এই শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রার শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মোঃ ইমরুল কায়েস পলাশ। তিনি তার বক্তব্যে বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিন আমাদের মনে করিয়ে দেয় শ্রমিকদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা। রেলওয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আমরা সবসময় সচেষ্ট থাকব।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে রেল খাতে বিভিন্ন সমস্যা ও দুর্নীতি বিরাজ করছে। শ্রমিকদের ন্যায্য বেতন, নিরাপদ কর্মপরিবেশ এবং কর্মসংস্থানের নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।”
বক্তব্য শেষে একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাজাহানপুর রেলওয়ে শ্রমিক কর্মচারী কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন হাজারো রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের নেতাকর্মী শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল-এর ঢাকা মহানগর শাখার সভাপতি মোঃ ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, ঢাকা রেলওয়ে শ্রমিক দলের কারখানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ সহ কেন্দ্রীয় এবং মহানগর কমিটির নেতৃবৃন্দ।
অপরদিকে শাহজাহানপুর থানা শ্রমিক দলের আহবায়ক মোঃ রবিউল আউয়াল মিন্টু ও সদস্য সচিব হাসানুল হক কাকন এবং ১১নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মোঃ আবুল কালাম সদস্য সচিব মোঃ নুরুল আমিন নুরু এর নেতৃত্বে একটি র্যালি শাহজাহানপুর থাকে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয় এর সামনে এসে শেষ করেন।
নেতারা বলেন, “শ্রমিকদের জীবনমান উন্নয়নে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ না করা হলে ভবিষ্যতে রেল খাতে চরম অচলাবস্থা তৈরি হতে পারে। শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের যথাযথ মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা সকলের দায়িত্ব।”
মে দিবস উপলক্ষে এই আয়োজনে শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা ও শোভাযাত্রা শেষে এক মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com