উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে কুমারখালী থানার দুজন এএসআই (সহকারী উপপরিদর্শক) সদরুল আলম ও মুকুল হোসেন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এই ঘটনা সোমবার ভোররাতে উপজেলার বেড় কালোয়া এলাকায় ঘটে।উদ্ধার অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছেন।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং উদ্ধার অভিযানে তল্লাশি চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিলাইদহ খেয়াঘাট এলাকায় উপস্থিত থাকলেও ডুবুরি না থাকায় অভিযান শুরু করা যায়নি। খুলনা থেকে ডুবুরি দল পৌঁছানোর পর অভিযান শুরু হবে বলে জানান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ফিরোজ আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে ইউপি সদস্য ছানোয়ার হোসেন ও আনোয়ার হোসেন কুমারখালী থানার চারজন পুলিশ সদস্যকে নিয়ে একটি নৌকায় পদ্মায় যান। সেখানে কিছু জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে জাল ফেলে মাছ ধরছিল। পুলিশের নৌকা জেলেদের দিকে এগিয়ে গেলে, জেলেদের দলটি পুলিশ ও ইউপি সদস্যদের ওপর আক্রমণ চালায়। এ সময় সদরুল আলম ও মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন এবং এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ হামলায় কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছানোয়ার হোসেন ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন আহত হন। তাঁদের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ছাড়া আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তবে তাঁর নাম জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পদ্মায় প্রতিনিয়ত ইলিশ শিকার হয়। তিনি দাবি করেন, অভিযানের নামে পুলিশ ও ইউপি সদস্যরা জেলেদের মাছ লুট করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। হামলাকারীদের মাথায় হেলমেট পরা ছিল বলে জানা গেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) পলাশ কান্তি নাথ জানান, পুলিশের একাধিক দল পদ্মায় নিখোঁজ দুই এএসআইকে উদ্ধারে কাজ করছে। তবে তাঁরা কী কারণে সেখানে গিয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com